সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৭:১৭:৪২ অপরাহ্ন
গত ১১ নভেম্বর সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক জরুরী সভা মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, সিলেট নগরীতে সিটি কর্পোরেশনের পানি সরবরাহ ব্যাহত হওয়ায় নাগরিকগণ মারাত্মকভাবে পানি সংকটে ভোগছেন। বাসা-বাড়ি, হাসপাতাল-ছাত্রাবাস, এতিমখানা, হোটেল-রেস্টুরেন্ট, কারাগারসহ সর্বত্র পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থা নিরসনে নিবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানানো হয়েছে।
নগরীর সুরমা ম্যানশনস্থ সিলেট বিভাগ গণদাবী ফোরামের কার্যালয়ে ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ এর উপস্থাপনায় সভায় সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল মালিক এডভোকেট, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, এডভোকেট নেপাল চন্দ্র চন্দ, প্রবীন মুরব্বী মুজিবুর রহমান, রিয়াজ উদ্দিন আহমদ, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট প্রমুখ।
বক্তাগণ বলেন, সিলেট নগরীর বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশনের সড়ক বাতি অকেজো থাকতে দেখা যায়। এসব এলাকা রাতে অন্ধকারাচ্ছন্ন থাকায় নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। নগরীতে অকেজো হয়ে থাকা সড়ক বাতিগুলো দ্রুত পুনঃস্থাপন এবং নগরীতে সিসি ক্যামেরা স্থাপনের দাবী জানানো হয়। সুরমা নদীর ওপর নির্মিত ব্রিজগুলোতে রাতে সড়ক বাতি না থাকায় ছিনতাইকারীদের উৎপাত বৃদ্ধি পায়। গভীর রাতে ও ভোরবেলা যাত্রীদের টার্গেট করে ছিনতাইকারীরা ছিনতাই কাজে লিপ্ত হয়। এজন্য নগরীতে পুলিশী টহল জোরদার করার দাবী জানানো হয়। বিজ্ঞপ্তি





