নারীর নিরাপত্তা দেবে ‘সলভওয়্যার’
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৮:২৯:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : এবার ঘরের বাইরে নারীর নিরাপত্তা দেবে আধুনিক প্রযুক্তিনির্ভর আত্মরক্ষামূলক ডিভাইস ‘সলভওয়্যার’। ডিভাইসটি ব্যবহার করে নিজের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন নারীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী আধুনিক এই ডিভাইসটি তৈরি করেছেন। তবে ‘সলভওয়্যার’ এখন গবেষণা ও উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই উদ্ভাবনটি বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে চান উদ্ভাবকরা, যেন নারীর নিরাপত্তা আর শুধুই স্লোগান না থেকে বাস্তবতার রূপ নেয়।
জানা গেছে, চলতি বছরের ৮ এপ্রিল রাতে ঢাকা থেকে সিলেটে ফেরার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী স্লিপার কোচে শ্লীলতাহানির শিকার হন। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় চলাচলরত ছাত্রীদেরও নিয়মিত হেনস্তার মুখোমুখি হতে হয়। এসব ঘটনার প্রেক্ষিতে নারীর নিরাপত্তা নিশ্চিতের বাস্তব সমাধান খুঁজতে উদ্যোগ নেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সেই টিমে যোগ দেন লিডিং ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী।
ডিভাইসটি তৈরি করেছেন অর্থনীতি বিভাগের রুহিতা রহমান, সমাজকর্ম বিভাগের নাজিফা নওয়ার, জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের ইউনুস কবির ও লিডিং ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের মাজেদুল ইসলাম। আধুনিক উপায়ে নারীর সুরক্ষার চিন্তা ভাবনা থেকেই আধুনিক ও প্রযুক্তিনির্ভর আত্মরক্ষামূলক ডিভাইসটি তৈরি করা হয়েছে বলে জানান তারা।
টিমের সদস্যরা জানান, ডিভাইসটির কাজ শুরুর আগে দলটি ৩০০ নারী শিক্ষার্থীর ওপর জরিপ চালায়। এতে ৮২ শতাংশ শিক্ষার্থী জানান, তাঁরা কোনো না কোনো সময় যৌন হয়রানির শিকার হয়েছেন। ৯০ শতাংশ নারী মনে করেন, সহজে ব্যবহারযোগ্য আত্মরক্ষামূলক প্রযুক্তি এখন সময়ের দাবি।
তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবিত ডিভাইস ‘সলভওয়্যার’-এ আছে ৪০০ কিলোভোল্টের অ-প্রাণঘাতী অ্যান্টি র্যাপ গ্লাভস, যা এক ক্লিকেই আক্রমণকারীকে বৈদ্যুতিক শকে কাবু করতে পারে। একই সঙ্গে ডিভাইসটি জিপিএসের মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান নিরাপত্তা কর্তৃপক্ষকে পাঠায় এবং জোরালো অ্যালার্ম বাজিয়ে আশপাশের মানুষকে সতর্ক করে।
টিমের সদস্য মাজেদুল ইসলাম বলেন, ডিভাইসটি হাতে পরা যাবে। বিপদের সময় এক ক্লিকেই শক, অ্যালার্ম ও এসওএস তিনটি ফিচার একসঙ্গে সক্রিয় হবে। রুহিতা রহমান জানান, জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ নারী অ্যালার্ম ও এসওএস ফিচারের প্রশংসা করেছেন, আর ৬৫ শতাংশ বৈদ্যুতিক শক ফিচারটিকে কার্যকর বলেছেন। ইউনুস কবির বলেন, আমরা শুধু প্রযুক্তি দিচ্ছি না আমরা এমন এক সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেক নারী তাঁর স্বপ্ন নির্ভয়ে পূরণ করতে পারবেন।





