সিলেটে ফ্রিপ’র আঞ্চলিক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৮:০১:৪৩ অপরাহ্ন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্স এন্ড এডমিন উইং) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দক্ষতা বাড়িয়েছে, শ্রমের তীব্রতা কমিয়েছে এবং উৎপাদন খরচ হ্রাস করেছে। এর ফলে ফসলের নিবিড়তা ৫-২২ শতাংশ বেড়েছে এবং ফসল কর্তনোত্তর ক্ষতিও কমেছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে কৃষির উন্নয়নে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
তিনি বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট আয়োজিত ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্ট্যান্টস প্রকল্প (ফ্রিপ) এর আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফ্রিপ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. তৌফিকুর রহমান।
ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথের উপস্থাপনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক রকিব উদ্দিন আহমদ, ফ্রিপ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ড. হুমায়ুন কবির, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার শামসুদ্দিন আহমদ, কৃষি বিপণন অধিদপ্তর সিলেট এর উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মো. আক্তারুজ্জামান, মৌলভীবাজারের উপপরিচালক জালাল উদ্দিন ও সুনামগঞ্জের উপপরিচালক ওমর ফারুক। দিনব্যাপী কর্মশালায় সিলেট বিভাগের ১০৬ জন কৃষি কর্মকর্তা ও কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





