যোগদানের পূর্বেই সন্দ্বীপ সিংহের ডিসির পদায়ন স্থগিত
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৮:৫৫:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মাত্র পাঁচ দিনের ব্যবধানে পরিবর্তিত হলো বরগুনার জেলা প্রশাসকের পদায়ন। যোগদানের আগেই বদলি করা হয়েছে সদ্য নিয়োগ পাওয়া জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহকে। তার বদলে বরগুনার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই বদল আসে।
এর আগে ৮ নভেম্বর সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে পাঁচ দিনের মাথায় সেই পদায়ন স্থগিত করে নতুন সিদ্ধান্ত দিয়েছে সরকার। সর্বশেষ প্রজ্ঞাপনে তাকে বরগুনায় যোগদানের নির্দেশ থেকে অব্যাহতি দেওয়া হয়।
একই প্রজ্ঞাপনে বরগুনার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলেও পরে তা স্থগিত করে তাকে নোয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।





