তৃতীয় প্রান্তিকে ১.৫৮ বিলিয়ন ডলার পরিশোধ বাংলাদেশের
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৮:৫২:৫১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বছরের তৃতীয় প্রান্তিক জুলাই-অক্টোবরে বিদেশি ঋণের অর্থছাড়ের প্রায় সমপরিমাণ অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে ১.৬৬ বিলিয়ন ডলার। এর বিপরীতে এ সময়ে বাংলাদেশ বিভিন্ন ঋণের সুদ ও আসল মিলিয়ে পরিশোধ করেছে ১.৫৮ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ১.২ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তার জন্য নতুন ঋণ চুক্তি করেছে বা উন্নয়ন সহযোগীদের সঙ্গে নতুন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইআরডির তথ্য বলছে, জুলাই-অক্টোবর সময়ে গত বছরের একই সময়ের তুলনায় বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৩৭৫ শতাংশ। আর বৈদেশিক ঋণের অর্থছাড় বেড়েছে ৩৮.৫১ শতাংশ। এ সময়ে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ বেড়েছে ১০.২৩ শতাংশ। এর বিপরীতে, গত অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুতি মিলেছিল মাত্র ২৫৪.৫৭ মিলিয়ন ডলার। একই সময়ে অর্থছাড়ের পরিমাণ ছিল ১.২০ বিলিয়ন ডলার। আর একই সময়ে বাংলাদেশ সুদ ও আসল বাবদ পরিশোধ করেছিল ১.৪৩৭ বিলিয়ন ডলার।





