২৮ দিনে এলো ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৯:০৪:২৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির ধারা বিজয়ের মাসেও অব্যাহত রয়েছে। চলতি মাস ডিসেম্বরের প্রথম ২৮ দিনে দেশে এসেছে প্রায় ২৯৪ কোটি (২৯৩ কোটি ৬০ লাখ) ডলারের প্রবাসী আয়। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৫ হাজার (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ৮১৯ কোটি ২০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলছে, ডিসেম্বরের ২৮ দিনে ২৯৩ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৫১ কোটি ৫০ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২৪২ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স।
এদিকে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে ডিসেম্বরের ২৮ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৫৯৭ কোটি ৪০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪১ কোটি ৬০ লাখ ডলার বেশি। গত বছরের একই সময়ে এসেছিল এক হাজার ৩৫৫ কোটি ৮০ লাখ ডলার। চলতি অর্থবছরে রেমিট্যান্স আসার প্রবৃদ্ধি ১৭ দশমিক ৮ শতাংশ।





