ভিন্নমতের হলেও একসঙ্গে আলোচনাই গণতন্ত্রের অংশ: জাইমা রহমান
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৯:৫০:৪৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: ভিন্নমতের হলেও একসাথে আলোচনা করাই গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
জাইমা রহমান বলেন, আজ আমরা এখানে যারা উপস্থিত সবাই একরকম নন। আমাদের আদর্শ, অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গিও আলাদা। তারপরও আমরা একসঙ্গে বসেছি, আলোচনা করছি। কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।
তিনি বলেন, ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশের এই পিলিসি লেভেলে আমার প্রথম বক্তব্য এটা। আমি এমন কেই নই যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে।
বাংলাদেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিয়ে জাইমা রহমান বলেন, জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ বেশিদূর এগিয়ে যেতে পারবে না।





