অন্তবর্তী সময়ের সব অধ্যাদেশ যাবে সংসদে : আইনমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১:১৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা প্রতিটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তবর্তী সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী জারি করা অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করতে হলে সংসদে বিল আকারে পেশ করা বাধ্যতামূলক। সে প্রক্রিয়া যথাযথভাবেই অনুসরণ করা হবে।
তিনি আরও বলেন, অন্তবর্তী সময়ে জারি করা অধ্যাদেশগুলোর বিষয়ে সংসদ সদস্যরা আলোচনা করবেন এবং প্রয়োজন হলে সংশোধনী আনবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এসব আইন চূড়ান্ত রূপ পাবে। সরকারের লক্ষ্য হচ্ছে আইন প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
চাঞ্চল্যকর নরসিংদীর ধর্ষণ মামলার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও শেকড় ধরে উপড়ে ফেলা হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মামলাজট প্রসঙ্গে তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরে মামলাজট একটি প্রকট সমস্যা হিসেবে রয়ে গেছে। বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে এ সমস্যার কার্যকর সমাধান জরুরি। তিনি বলেন, মামলাজট নিরসনে যা যা করণীয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি, বিচারকসংখ্যা বাড়ানো এবং প্রশাসনিক সংস্কারের দিকেও গুরুত্ব দেওয়া হবে।
আইনমন্ত্রী আরও বলেন, তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থায় যেভাবে তৎপর ছিলেন, বর্তমান দায়িত্বে থেকেও তার চেয়ে এক ডিগ্রি বেশি সক্রিয় ভূমিকা রাখতে চান। বিচারব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, রাশেদ খানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে দেওয়া এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, অন্তবর্তী সময়ে গৃহীত সব আইনগত পদক্ষেপ সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে। একই সঙ্গে অপরাধ দমনে কঠোর অবস্থান ও বিচারব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন আইনমন্ত্রী।





