ভারতের ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পের সমস্যা সমাধানের আশ্বাস প্রণয় ভার্মার
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ৮:৫১:৩২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ভারতের ঋণ সহায়তায় চলমান যেসব বড় প্রকল্প নিয়ে সমস্যা তৈরি হয়েছে সেগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানান, উভয় দেশের মধ্যে চলমান প্রকল্পগুলোর অগ্রগতিতে দুই দেশই সন্তুষ্ট। তবে যেসব বড় প্রকল্প নিয়ে সমস্যা চলমান সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। গতকাল রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভারতের হাইকমিশনার বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে আর্থিক খাতের সহযোগিতা জোরদার, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
ভারতের ঋণ সহায়তা কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, প্রকল্পগুলোর অগ্রগতি সন্তোষজনক। বড় প্রকল্পে কিছু প্রাথমিক সমস্যা থাকলেও সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে দুই পক্ষই সন্তুষ্ট।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের অগ্রাধিকার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে ব্যবসা সহজীকরণ, কর সংস্কার এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৈঠকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।





