রমজানের শিক্ষার আলোকে জীবনকে সাজাতে হবে : মাওলানা দিলাওয়ার
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৮:০৩:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, রমজান মাস বিজয়ের মাস। বদরের প্রান্তরে বিজয়ের সূচনা হয়েছিলো। ঈমানী দৃঢ়তা, আল্লাহ ও রাসুলের আনুগত্য, আল্লাহর উপর ভরসা এই বিজয়ের অনন্য মাধ্যম। সংখ্যাধিক্য নয় সঠিক যোগ্যতাই বিজয়ের প্রতীক। এই যোগ্যতা আল্লাহর সাহায্য প্রাপ্তির যোগ্যতা। দুনিয়া ও আখেরাতে সফল হওয়ার যোগ্যতা। রমজানের শিক্ষার আলোকে জীবনকে সাজাতে হবে।
তিনি সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন জামায়াত আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আমীর আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আলাউদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর হাফিজ শামসুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর সুলতান আহমদ ও শিক্ষাবিদ ইকবাল হোসেন। ইফতার মাহফিলে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, ঈমান ও আত্মপর্যালোচনার সাথে সিয়াম সাধনা করা না গেলে তাক্বওয়ার গুণে গুণান্বিত হওয়া সম্ভব নয়। জীবনে পরিবর্তনের সম্ভাবনা ম্লান হয়ে যায়। এ মাসের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করতে হবে। সৌভাগ্যের রাত্রী থেকে বঞ্চিত থাকা দুর্ভাগ্যের বিষয়। কুরআন নাযিলের মাসে কুরআনের আলোয় জীবন রাঙাতে হবে। বিজ্ঞপ্তি





