জগন্নাথপুরে বিকল্প রাস্তাবিহীন চলছে ব্রিজ নির্মাণ কাজ, যাতায়াতে ভোগান্তি
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৮:৫২:৪৪ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের শহীদ মিনার সংলগ্ন নলজুর নদীর ওপর নতুন ব্রিজ নির্মাণের জন্য পুরাতন ব্রিজ ভেঙে ফেলেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজ জনসাধারণের চলাচলের জন্য কোনো বিকল্প রাস্তা তৈরি না করায় এলাকাবাসী যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন।
জানা যায়, ডাক বাংলো রোডের শহীদ মিনার সংলগ্ন নলজুর নদীর উপর থাকা ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নতুন ব্রিজ নির্মাণের দরপত্র আহবান করলে বি-বাড়িয়ার মেসার্স হাসান এন্টার প্রাইজ-ইমি কন্সট্রাক্টশন জেবি ব্রিজ নির্মাণের কাজটি পায়। প্রায় তিন সপ্তাহ পূর্বে পুরাতন ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ নির্মানের প্রস্তুতি গ্রহণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। ব্রিজ সংলগ্ন এলাকায় কোন প্রকার বিকল্প রাস্তা নির্মাণ না করায় যাতায়াতে চরম ভোগান্তির মধ্যে রয়েছে উপজেলাবাসী।
৫ কোটি ৪৭ লাখ ৭ হাজার ৩৭ টাকা ব্যয়ে নতুন ব্রিজ নির্মাণে তারা খুশি হলেও বিকল্প রাস্তা না থাকায় প্রতিদিনের যাতায়াত কঠিন হয়ে উঠেছে। গতকাল বৃষ্টি হলে বিকল্প রাস্তা না হওয়ায় নদীর চর দিয়ে কাদাযুক্ত অবস্থায় জনসাধারণ চলতে দেখা গেছে। তবে কবে নাগাদ বিকল্প ব্রিজটি হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন জগন্নাথপুর উপজেলাবাসী। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে কাজে দায়িত্বে থাকা জামাল মিয়া জানান, ১৫ দিনের মধ্যে যাতায়াতের জন্য বিকল্প রাস্তা হিসেবে বাঁশের ব্রিজ নির্মাণ করা হবে।





