বানিয়াচংয়ে বৃষ্টিতে তলিয়ে গেল ৫শ একর বোরো ফসল
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৭:৪৪:২০ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের হুগলি হাওরে টানা বৃষ্টির পানিতে অন্তত ৫০০ একর বোরো ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। এতে করে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে ভালো ফলনের আশায় থাকা কৃষকদের স্বপ্ন এখন ভেসে যাচ্ছে পানির স্রোতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলি হাওরে মোট প্রায় ৮০০ একর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে হাওরের পানি দ্রুত বেড়ে যায়। ফলে অন্তত ৫০০ একর জমির ধান পুরোপুরি পানির নিচে তলিয়ে যায়। অনেক ক্ষেতেরই ধান কাটার আগেই জমি ডুবে যাওয়ায় কৃষকরা কোনো ফসল ঘরে তুলতে পারেননি।
সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান জানান, হুগলি হাওরের একটি বড় অংশ ইতোমধ্যে পানির নিচে চলে গেছে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, “বৃষ্টি অব্যাহত থাকলে শুধু হুগলি হাওর নয়, আশপাশের অন্যান্য হাওরও তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।”
এদিকে হাওরপাড়ের কৃষকরা জানান, তারা ধারদেনা করে জমিতে বোরো চাষ করেছিলেন। ধান কাটার সময় ঘনিয়ে আসায় ভালো ফলনের আশায় ছিলেন সবাই। কিন্তু হঠাৎ বৃষ্টির পানি বেড়ে যাওয়ায় মুহূর্তেই সব আশা ভেঙে পড়ে। অনেক কৃষক এখন নিঃস্ব হওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমের এই সময়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাওর অঞ্চলে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হয়। তবে আগাম সতর্কতা ও টেকসই বাঁধ ব্যবস্থাপনা জোরদার না হলে প্রতিবছরই কৃষকদের এমন ক্ষতির মুখে পড়তে হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এদিকে কৃষকদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে প্রণোদনা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা হোক। পাশাপাশি ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে হাওরের বাঁধ মজবুত করা এবং পানি নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




