সিলেটে চালু হচ্ছে কৃষকের বাজার
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ৮:৩৮:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : কৃষি পণ্যে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকারি ব্যবস্থাপনায় সিলেটে প্রথম বারের মতো চালু হচ্ছে কৃষকের বাজার। আগামী শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় নগরীর টিলাগড়ে এই বাজারের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জানা গেছে, প্রতিদিন সকালে নগরীর টিলাগড় পয়েন্টের পাশেই বসবে এই বাজার। যেখানে সিলেটের প্রান্তিক কৃষকরা তাদের পণ্য সরাসরি বেচাকেনা করতে পারবেন। এতে কৃষকরা পণ্যের সঠিক দাম পাবেন এবং ভোক্তা পর্যায়েও পণ্যের দাম কমবে।
তথ্য বলছে, দেশে উৎপাদতি কৃষিপণ্যের মধ্যস্বত্বভোগীরা বেশি মুনাফা করছে। কৃষকের মাঠ থেকে উৎপাদিত প্রতিটি পণ্য চার–পাঁচ হাত ঘুরে ক্রেতার হাতে পৌঁছায়। যদিও পণ্যের দামের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন কৃষক বা উৎপাদকেরা। অর্থাৎ লাভ কিংবা লোকসানÑদুটিরই বড় হিস্যা যায় কৃষকের ঘাড়ে। কৃষি পণ্যের চার-পাঁচ হাত বদল হওয়ায় দাম বেড়ে যায়। এতে কৃষক ও ক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্থ হন। এই মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কারণে ক্রেতাকে উৎপাদন ব্যয়ের দ্বিগুণ বা তার বেশি দামে পণ্য কিনতে হয়। এই বাজার ব্যবস্থা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন কৃষক ও ক্রেতারা। কৃষকরা তাদের পণ্যের নায্য মূল্য পাবেন এবং ক্রেতারা কম দামে পণ্য ক্রয় করতে পারবেন।





