সচেতনতার অভাবে চামড়ায় ন্যায্য দাম মিলেনি: বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৮:১৩:১২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: কোরবানির পশুর চামড়া সংরক্ষণে পর্যাপ্ত সচেতনতার অভাবের কারণে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা সরকার নির্ধারিত ন্যায্য দাম পাননি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোরবানির পরপরই চামড়ায় লবণ প্রয়োগ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে অনেক চামড়ার গুণগত মান কমে গিয়ে বাজারমূল্যও কমে যায়।
মন্ত্রী জানান, সরকার এ বছর চামড়া সংরক্ষণে সহায়তার জন্য বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। তবে এরপরও অনেক ক্ষেত্রে সময়মতো সংরক্ষণ না করায় চামড়ার মান নষ্ট হয়েছে এবং প্রত্যাশিত দাম পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সরকার লবণযুক্ত বা সঠিকভাবে সংরক্ষিত চামড়ার ভিত্তিতেই দাম নির্ধারণ করে থাকে। কিন্তু ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেক মানুষ চামড়া দান করে দেওয়ায় যথাযথ সংরক্ষণ সম্ভব হয় না, যার ফলে অনেক চামড়া দ্রুত নষ্ট হয়ে যায়। বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, সঠিকভাবে সংরক্ষণ করা গেলে কোরবানির পশুর চামড়া দেশের চামড়া শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। এজন্য মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।





