১৬ মাস কারাভোগের পর অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতে হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৮:১৪:৫২ অপরাহ্ন

সংবাদদাতা: হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১৬ মাস কারাবন্দি থাকার পর আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে প্রদীপ কুমার পাল নামে এক ভারতীয় অনুপ্রবেশকারীকে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সীমান্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আটক করে বিজিবি। পরবর্তীতে আদালতের নির্দেশে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। সাজা শেষ হওয়ার পর দুই দেশের রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আজ নিজ দেশে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকালে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাল্লা বিওপির দাউদ হোসেন, চুনারুঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি এবং ভারতের পক্ষে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর প্রতিনিধি অশোক কুমার ও ত্রিপুরা রাজ্য পুলিশের খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক শেষে তাকে বিএসএফের কাছে বুঝিয়ে দেওয়া হয়।





