এসএমপির ৩২ ঘন্টার অভিযানে আটক ১৬২
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৯:১১:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে অপরাধ কর্মকান্ড দমনে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৬২ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছেন ৩৮ জন। এইসময়ে ট্রাফিক পুলিশ ৬৬ টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এসএমপি সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ৩২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ৬৫ পিস ইয়াবা ও ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।এদিকে এসময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৬৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়া রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ১২৬ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে নিয়মিত মামলার ও সন্দেহভাজন আসামী, ওয়ারেন্টভুক্ত এবং মাদকসেবী-মাদক কারবারি রয়েছেন।
সোমবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।




