জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬, ৮:৪৮:২৩ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজার জুড়ীতে বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষসহ মোট ১৪টি গবাদিপশু মারা গেছে| উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে বুধবার এ ঘটনা ঘটে|
স্থানীয় লোকজন জানান, বজ্রসহ বৃষ্টিপাতে চা শ্রমিকদের ১৩টি গরু এবং পাথরটিলা এলাকার একটি মহিষ ঘটনাস্থলেই মারা গেছে| তারা বলেন, খেটে খাওয়া এ সব চা শ্রমিক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল গবাদিপশু| হঠাৎ এ ক্ষতিতে তারা চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন|
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম| তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন| পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন|
এদিকে, ঘটনাটি জানার পর স্থানীয়রা মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদকে অবহিত করেন| খবর পেয়ে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত চা শ্রমিক পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান| সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে তিনি উদ্যোগ নেবেন| পাশাপাশি ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও তিনি আশ্বাস দেন|





