সিলেটে কবি সাজুকে নিয়ে সাহিত্য আড্ডা ‘অন্তরালাপ’
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬, ৯:০০:১৯ অপরাহ্ন

শব্দ, সংগ্রাম ও মানবতার আলোকযাত্রী কবি, সংগঠক ও সমাজসেবক সাজন আহমদ সাজুর জন্মদিন উপলক্ষে আত্মজন এবং জসিম বুক হাউস সাহিত্য পরিষদ, সিলেটের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী আলোচনা অনুষ্ঠান ‘অন্তরালাপ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম।
কবি ও সংগঠক জগলুল হকের সভাপতিত্বে এবং জিয়া স্মৃতি পাঠাগার সিলেটের প্রচার সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মো. কাপ্তান হোসেন এবং সিলেট জেলা জজকোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি।
কবি মাজহারুল ইসলাম মেননের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্টানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, বিশ্ববাংলা সম্পাদক কবি মোহিত চৌধুরী, দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসর, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণের সাধারণ সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, কবি ছয়ফুল আলম পারুল, যুক্তরাজ্য প্রবাসী কবি আ স ম হারুন খান, কবি সুয়েজ হোসেন, কবি মুন্নী আক্তার, কবি শান্তা কামালী, কবি নিশাত ফাতেমা, সংগঠক নাহিদ আহমদ, আল আমিন, ছড়াকার লোকমান হাফিজ, কবি কামাল আহমদ, শিল্পী কয়েস আহমদ, কুবাদ বখত রুবেল, শাহাজান সাজু, তানজিলা বেগম, রমিজ আহমদ, মুরাদ আহমদ, মাওলানা জহিরুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, জিয়াউর রহমান, ফাতেহা বেগম, মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা কবি সাজন আহমদ সাজুর সাহিত্যচর্চা, মানবিক কর্মকাণ্ড, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, সাজন আহমদ সাজু কেবল একজন কবি নন তিনি মানবিক মূল্যবোধ, ন্যায়বোধ ও সমাজকল্যাণমূলক চেতনার একজন নিবেদিত কর্মী। দীর্ঘদিন ধরে তিনি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে বদরুজ্জামান সেলিম বলেন, সাজন আহমদ সাজু এমন একজন মানুষ, যিনি শব্দকে মানবতার সেবায় নিয়োজিত করেছেন। তাঁর কবিতা ও লেখনী মানুষের হৃদয়ে মানবিকতার বীজ বপন করে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের সাহিত্য ও সংস্কৃতিমুখী করে তোলা এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে তাঁর ভূমিকা প্রশংসার দাবিদার। তিনি বিশ্বাস করেন কলম কেবল সৌন্দর্যের জন্য নয়, সমাজ পরিবর্তনেরও শক্তিশালী হাতিয়ার।
তিনি আরও বলেন, সাজন আহমদ সাজুর প্রকাশিত গ্রন্থসমূহ পাঠকসমাজে প্রশংসিত হয়েছে। তাঁর লেখায় দেশপ্রেম, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সময়ের বাস্তবতার এক অনন্য মেলবন্ধন লক্ষ করা যায়। সাহিত্যকে মানুষের কল্যাণে ব্যবহার করার যে প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সাজন আহমদ সাজুর সাহিত্যকর্ম, প্রকাশিত গ্রন্থ, সাংগঠনিক কর্মকাণ্ড এবং মানবিক উদ্যোগ নিয়ে স্মৃতিচারণ ও মূল্যায়নধর্মী বক্তব্য প্রদান করেন। পরে কবির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সৃজনশীল কর্মময় জীবনের জন্য শুভকামনা জানানো হয়। বিজ্ঞপ্তি




