নগরীতে সাংবাদিকের বাসায় চুরি : আটক ২, চোরাই জিনিস উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬, ১১:১৫:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : প্রকাশ্য দিবালোকে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল থেকে এক সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চুরির সিসিটিভি ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মাথায় ২ চোরকে আটক করে পুলিশ। এ সময় চোরাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র উদ্ধার করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, গত সোমবার (১ জুন) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে কোতোয়ালী থানাধীন মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ী এলাকায় সময় টেলিভিশনের সিলেট ব্যুরোর সিনিয়র ভিডিও জার্নালিস্ট দিগেন সিংহের বাসারতৃতীয় তলা থেকে একটি রেডমি নোট ১২ প্রো মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি হয়। মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট রেজিস্ট্রেশন কার্ড, ট্যাক্স টোকেন এবং স্টুডেন্ট আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে পুলিশ তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এর সূত্র ধরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগরীর মজুমদারপাড়া এলাকার লাকী রেস্টুরেন্ট সংলগ্ন আহাদ মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে পারভেজ আহমদ (২০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চোরাইকৃত মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ২৫ মিনিটে লামাবাজার পয়েন্ট অভিযান চালিয়ে মো. আব্দুর শুক্কুর দারা মিয়া (২৭) নামে অপর আসামিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
বুধবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




