বড়লেখায় এএসপি পরিচয়ে প্রতারণা, যুবক আটক
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৭:৩৩:৫৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের এএসপি ও সিআইডির বড় কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণাকালে মো. সাজু আহমেদ শোভন (৩৫) নামে এক যুবককে আটক করেন ভুক্তভোগি জনতা, এলাকাবাসি ও স্থানীয় জনপ্রতিনিধি| সোমবার বিকেলে আদালতের মাধ্যমে থানা পুলিশ ওই ভুয়া এএসপিকে কারাগারে পাঠিয়েছে|
রোববার বিকেলে উপজেলার নিউ সমনবাগ চা বাগানে বিভিন্ন ব্যক্তিকে পুলিশের সহকারি পুলিশ সুপার ও সিআইডি কর্মকর্তা পরিচয়ে টাকা হাতিয়ে নিতে নানা ভয়ভীতি প্রদর্শনকারে লোকজন তাকে আটক করেন| পরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়|
প্রতারক সাজু আহমেদ শোভন রংপুর জেলার কোতোয়ালি থানার পশ্চিম বাবু খাঁ গ্রামের মো. আব্দুল আলীম শেখের ছেলে| তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে|
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের চা শ্রমিক যতিন চাষার (৪৮) একটি মামলা রয়েছে| গত ৫ জুন রাতে সাজু আহমেদ শোভন নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে চা শ্রমিক যতিন চাষার মামলার বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করে| এ সময় তিনি মামলা নিষ্পত্তির কথা বলে ওই চা শ্রমিকের কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন| রোববার (৭ জুন) বিকেলে শোভন পুনরায় চা বাগান এলাকায় এলে ভুক্তভোগী যতিন চাষা তাকে চিনতে পারেন| তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন| পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে একটি পরিচয়পত্র প্রদর্শন করে| পরিচয়পত্রে তার ছবি-সংবলিত নামের পাশে পদবি লেখা ছিল ‘এএসপি’| যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়, সে বাংলাদেশ পুলিশের কোনো সদস্য নয়| বরং ভুয়া পরিচয়ে প্রতারণা করেছে| পরে তাকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ| এ ঘটনায় ভুক্তভোগী যতিন চাষা প্রতারক শোভনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন|
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে| এ ঘটনায় ভুক্তভোগী যতিন চাষা থানায় মামলা করেন| সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে|
ওসি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়দানকারী কোনো ব্যক্তির কর্মকান্ডে সন্দেহ হলে এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে| সাধারণ মানুষকে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে|




