ওসমানীনগরে স্বামীর দায়ের কোপে স্ত্রী-শাশুড়ী আহত
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:৪৫:৪৫ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরের তাজপুরে পারিবারিক কলহের জেরে শাশুড়ী ও স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে অভিযুক্ত ছানু মিয়া (৩৫) কে আটক করেছে পুলিশ। ধৃত ছানু মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে।
আহতরা হলেন, ওসমানীনগর উপজেলার জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফ এর স্ত্রী আজিরুন বেগম (৬৫) ও তার মেয়ে রেশমা বেগম (৩০)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার তাজপুর স্কুল রোডস্থ দুলিয়ারবন্দ গ্রামে সাবেক মেম্বার সিরাজ উদ্দিনের বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক কলহের জেরে ভাড়াটিয়া বাসায় ছানু মিয়া ধারালো দা দিয়ে তার স্ত্রী ও শাশুড়ীকে কোপালে তারা গুরুতর আহত হন। আহতদের আর্ত চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছানু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। ওসমানীনগর থানার ওসি মো. মুর্শেদুল আলম ভূইয়া জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





