মুটিং প্রতিযোগিতায় লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির সাফল্য
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৮:৫১:৪৮ অপরাহ্ন
জাতীয় পর্যায়ের মুটিং প্রতিযোগিতায় বেস্ট ইমার্জিং টিম অ্যাওয়ার্ড অর্জন করল লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘৪র্থ প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন-২০২৬’ -এ সাফল্যের স্বাক্ষর রেখেছে লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি ‘বেস্ট ইমার্জিং টিম অ্যাওয়ার্ড’ লাভ করেছে লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির দল। একই সঙ্গে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী শামস আবিরুজ্জামান সিয়াম ‘বেস্ট ওরালিস্ট’ (শ্রেষ্ঠ বক্তা) হিসেবে নির্বাচিত হয়েছেন।
লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির সাফল্যে তাদেরকে অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে অত্যন্ত কার্যকর। ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের মুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তানি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ’-এর উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল লিখিত মেমোরিয়াল জমা দেয়। সেখান থেকে কঠোর মূল্যায়নের মাধ্যমে ১৬টি দল মৌখিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।
গত ৫ জুন প্রাথমিক রাউন্ড এবং ৬ জুন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। লিডিং ইউনিভার্সিটির দল সেমিফাইনালে উন্নীত হয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।
প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারী দলগুলো আন্তর্জাতিক মানবিক আইনভিত্তিক জটিল আইনি বিষয় নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে। বিচারকরা অংশগ্রহণকারী দলের গবেষণার মান, আইনি বিশ্লেষণ এবং মৌখিক উপস্থাপনার দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করেন।
লিডিং ইউনিভার্সিটির পক্ষে ওরালিস্ট হিসেবে অংশগ্রহণ করেন আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী শামস আবিরুজ্জামান সিয়াম এবং মাস্টার্সের শিক্ষার্থী নওশিন তাসনুভা আমিন। দলের গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন সাম্য সথির কাব্য। কোচ ছিলেন লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হারিস রহমান অন্তর। দলের সার্বিক পর্যবেক্ষণে ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী সন্দীপ ভট্টাচার্য্য ও নাদিয়া রহমান। বিজ্ঞপ্তি





