জকিগঞ্জে নদীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৬, ৯:১৩:০৩ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে সুরমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার কোনাগ্রাম এলাকার বাসিন্দা বাসনা মালাকার (৩৭) সুরমা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানিতে ডুব দিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
নিহত বাসনা মালাকার উপজেলার কোনাগ্রাম গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ধীরেন্দ্র মালাকার এবং স্বামীর নাম কাজল মালাকার। স্থানীয়দের উপস্থিতিতে মরদেহ সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় লোকজন প্রথমে নদীতে ডুব দিয়ে এবং জেলেদের জাল ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে কোনো সন্ধান না পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি সরঞ্জাম ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী নিয়ে পানিতে নামেন সদস্যরা। অভিযানের প্রায় ১০ মিনিটের মধ্যেই ডুবুরি তানভীর হোসাইন ভূঁইয়ার নেতৃত্বে নিখোঁজ বাসনা মালাকারের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার কার্যক্রম শেষে স্থানীয়রা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীতে গোসল ও চলাচলের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।




