এমপিদের ইতিবাচক মানসিকতায় জোর বিরোধীদলীয় নেতার
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৮:৫৯:১৭ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : জাতীয় সংসদে দাঁড়িয়ে অন্তত কেউ কারও সম্মানে আঘাত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একইসঙ্গে সংসদ সদস্যদের মানসিকতা আরও ইতিবাচক ও পরমতসহিষ্ণু হওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে ফ্লোর নিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য রাখেন সরকারি দল বিএনপি জোটের (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। তার বক্তব্যের সমালোচনা করেই বিরোধীদলীয় নেতা এই মন্তব্য করেন।
আন্দালিব রহমান পার্থের বক্তব্যের জবাব দিতে গিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘সংসদ সদস্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, আপনি (স্পিকার) তো প্রথমেই নাকচ করেছেন যে এটা পয়েন্ট অফ অর্ডারের বিষয় না।
দ্বিতীয়ত, একজন সদস্য সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি রাইটলি (সঠিকভাবে) বলেছেন যে এটা হাউজে না বলে এটার জন্য কমিটি আছে, ওখানে বললেই হতো।
আন্দালিব রহমান পার্থের ব্যক্তিগতভাবে জিনিসপত্র কিনে দেওয়ার প্রস্তাবের কড়া সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি এটাকে সূত্র ধরে আবার গাড়ি, বাড়ি-সব নিয়ে আসলেন। উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আবার নিজের থেকে অফারও দিয়া দিলেন যে, আমি সব দিয়ে দেবো! উনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন?’
সংসদে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান তার বক্তব্যের শেষে বলেন, আমার মনে হয় যে, আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত-যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করবো না। আমরা আশা করবো যে, আমি সহ আমরা সকলে আগামীতে এগুলোর প্রতি আরো যত্নশীল হবো।
এর আগে, সংসদ সদস্যদের সরকারি বাসভবনের জন্য ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ও পর্দা চাওয়ার বিষয়টির সমালোচনা করে বক্তব্য রাখেন বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ। তার ওই বক্তব্যের জবাবেই বিরোধীদলীয় নেতা এই প্রতিক্রিয়া জানান।




