কবি আল মুজাহিদী আর নেই
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬, ৮:০২:৪৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বিশিষ্ট কবি আল মুজাহিদী আর নেই| শুক্রবার (১৯ জুন) বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪৩ সালের ১৯ জুন, টাঙ্গাইলে| জন্ম দিনেই (১৯ জুন) মৃত্যুবরণও করেছেন এই কবি| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর|
কবি আল মুজাহিদী দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন| তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন| আল মুজাহিদীর মেয়ে মারিয়ামা বলেন, তাঁর বাবা প্রায় দুই বছর থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন| তাঁর হার্টে দুবার রিং পরানো হয়েছিল| গত বছর জুলাই মাসে চিকুনগুনিয়ায় আক্রান্ত হন| তাঁর কিডনিতেও সমস্যা দেখা দেয়| গত ২৩ এপ্রিল তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল| অবস্থার কিছুটা উন্নতি হলে ২৬ মে হাসপাতাল থেকে উত্তরার ১০ সেক্টরের নিজ বাসভবনে আনা হয়| পরে আবার অসুস্থ হলে ৪ জুন তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়| এ সময় তাঁর কিডনি, হৃদ&যন্ত্রসহ একাধিক অঙ্গের কার্যকারিতা কমে গেছে বলে চিকিৎসক জানিয়েছিলেন|
কবির মেয়ে আরও বলেন, অবস্থার আরও অবনতি হলে ১৫ জুন আল মুজাহিদীকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়| পরের দিন থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল| আজ তিনি গুরুতর হৃদ&রোগে আক্রান্ত হন (কার্ডিয়াক অ্যারেস্ট)| বেলা ১টা ৪০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন| মারিয়ামা বলেন, জানাজার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি| তবে কবিকে শনিবার মিরপুর বুদ্ধিজীবী গোরস্তানে দাফনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে|
কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪৩ সালের ১৯ জুন, টাঙ্গাইলে| তিনি দীর্ঘ তিন দশকেরও বেশিকাল ˆদনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন| রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর কুড়িটির অধিক কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক| তিনি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন|
কবি আল মুজাহিদীর মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি শোক জানিয়েছেন| শোকবার্তায় জামায়াত আমীর বলেন, বিশ্বাস ও মূল্যবোধের কবি হিসেবে তাঁর সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে| জাতি কৃতজ্ঞতার সঙ্গে তাঁর অবদান স্মরণ করবে|
আল্লাহ রাব্বুল আলামিন তাঁর জীবনের সকল নেক আমল ও খেদমত কবুল করুন| তাঁর সকল ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করে সেগুলোকে নেকিতে পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন| আল্লাহ তাআলা তাঁর কবরের জীবনকে শান্তিময় ও জান্নাতি জীবনে পরিণত করুন, তাঁর কবরকে প্রশস্ত করে জান্নাতের নূরে পরিপূর্ণ করে দিন|





