মাধবপুরে বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬, ১০:০৯:৩৭ অপরাহ্ন

হবিগঞ্জ সংবাদদাতা : সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসের ধাক্কায় জাহির মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বাদশা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস বাদশা গেইট এলাকায় একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন জাহির মিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।




