ওসমানীনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে ভূমি আত্মসাতের পাঁয়তারার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬, ১০:১৯:১৯ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের বিরুদ্ধে ভূমি আত্মসাতের পাঁয়তারার অভিযোগ করেছেন সাবেক ইউপি সদস্য মো. আপ্তাব আলী। গত ৮ জুন তিনি সিলেট জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর পূর্বে গত ৬ জুন দুপুরে উপজেলার প্যারাপুর গ্রামে নিজ বাড়িতে ভুক্তভোগী মো. আপ্তাব আলী গ্রামবাসিদের বিষয়টি অবহিত করতে একটি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে উপস্থিত ছিলেন, শালিস ব্যক্তি হাফিজ ছাইদুর রহমান চৌধুরী, সাবেক ইউপি সদস্য সুমন মিয়া, শিক্ষক আব্দুল মজিদ, বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী জামাল আহমদ চৌধুরী, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, মুরব্বী লেবু মিয়া, মুজাহিদুল ইসলাম, সাদেক আলী, ছাদিকুর রহমান চৌধুরী, চাঁন্দ আলী ও তখলিছ আলী প্রমূখ।
লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আপ্তাব আলীর ভাতিজা গয়াছ আলী ১৯৭৬ইং সালে ১১৯ নম্বর ডিপি ইজারা মোকদ্দমা বলে প্যারাপুর মৌজার জেএলনং ১২৫ এর ১/১ নং খতিয়ানের বিভিন্ন দাগের ৮৮শতাংশ ভূমি সরকার থেকে বন্দোবস্ত নিয়ে প্রতি বছরের রাজস্ব পরিশোধ করে প্রকাশ্য ভোগ দখল করছেন। সম্প্রতি বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান এ ভূমি আত্মসাৎ করার লক্ষ্যে অবৈধভাবে বন্দোবস্ত নেওয়ার পাঁয়তারা শুরু করেন। কিছুদিন পূর্বে চেয়ারম্যানের পক্ষের লোক দিয়ে এই ভূমি বন্দোবস্তের জন্য উপজেলা ভূমি অফিসে একটি দরখাস্ত করা হয়। এরপর পক্ষকে কোন নোটিশ প্রদান না করে চেয়ারম্যান ভূমি সার্ভে করানোর জন্য সার্ভেয়ার নিয়ে বাড়ীতে নিয়ে যান। তাছাড়া চেয়ারম্যান আখলাক জনৈক তাজুল ইসলামকে বন্দুক দিয়ে গুলি করেছেন এমন অভিযোগও করেন তিনি।
সাবেক ইউপি সদস্য মো. আপ্তাব আলী বলেন, বর্তমান চেয়ারম্যান আমার সাথে একসময় ইউপি সদস্য পদে নির্বাচন করেছেন। তিনি আমার বাড়ি দখল করতে মরিয়া হয়ে উঠেছেন। তাই তার লোক দিয়ে দরখাস্ত করিয়ে আমার ভতিজার খাজনা পরিশোধকৃত ভূমি অবৈধ বন্দোবস্ত নিতে উঠেপরে লেগেছেন।
ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান বলেন, সাবেক ইউপি সদস্য আপ্তাব আলী ও তার ভাইয়ের মধ্যে বাড়ির ভাগ বন্টন নিয়ে জটিলতা আছে। ইউপি চেয়ারম্যান হিসেবে বিষয়টি নিস্পতি করতে এলাকার মুরব্বীদের নিয়ে কয়েকবার সালিশ বৈঠক করেছি। সম্প্রতি তার যুক্তরাজ্য প্রবাসী ভাইয়ের কেয়ারটেকার এর আবেদনের প্রেক্ষিতে সার্ভেয়ার তাদের বাড়িতে যান। চেয়ারম্যান হিসেবে আমাকে সাথে নেন। বাড়ি দখলের পাঁয়তারার অভিযোগ সত্য নয়। আমি একজন জনপ্রতিনিধি, বন্দুক দিয়ে মানুষকে গুলি করার বিষয়টি হাস্যকর।




