জমির মূল্য পরিশোধের দাবিতে জকিগঞ্জে গ্যাস ফিল্ডে তালা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৬, ৮:০৭:১৯ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে জমি অধিগ্রহণের মূল্য ও ক্ষতিপূরণ দীর্ঘ ৮-৯ বছরেও না পাওয়ার অভিযোগে বাপেক্স গ্যাস ফিল্ডে তালা ঝুলিয়েছেন জমির মালিকরা। এতে গ্যাস ফিল্ডের বিভিন্ন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
সোমবার জমির মালিকরা গ্যাস ফিল্ডে তালা লাগিয়ে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানো হলেও জমির মূল্য ও ক্ষতিপূরণের টাকা এখনো পরিশোধ করা হয়নি।
জমির মালিকরা বলেন, দীর্ঘ ৮-৯ বছর ধরে পাওনা টাকা না পেয়ে বাধ্য হয়ে তারা গ্যাস ফিল্ডে তালা দিয়েছেন। দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার জানান, বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।






