শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে : শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৬, ৮:২০:১১ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আয়োজিত আলোচনা সভায় শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ ও একটি আদর্শ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজ এই জুলাই শহীদ দিবসে আমরা শপথ নিই, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তাঁদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ ও আদর্শ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করব।’
উপাচার্য বলেন, ২০২৪ সালের জুলাইয়ের রক্তঝরা দিনগুলো জাতির ইতিহাসে অবিস্মরণীয়। শোষণ, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে আত্মত্যাগের মাধ্যমে শহীদরা একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশের পথ দেখিয়েছেন। তিনি রংপুরের শহীদ আবু সাঈদ, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম এবং আন্দোলনে শহীদ শাবিপ্রবির শিক্ষার্থী রুদ্র সেনসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার সম্মিলিত সংগ্রামের ফল। এই ঐক্যই জাতিকে স্বৈরাচার থেকে মুক্ত করেছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সভাপতিত্ব করেন জুলাই শহীদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য দেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার ও উদযাপন কমিটির সদস্য সচিব মো. ফয়ছল আহমেদ।






