জর্জিয়ায় বড়লেখার প্রবাসী মৃত্যু : মরদেহ আনতে সরকারের সহযোগিতা চায় পরিবার
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৬, ৯:৫৩:১২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: ইতালি থেকে সাত বছর পর দেশে ফেরার পথে জর্জিয়ায় অসুস্থ হয়ে মারা যাওয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী ফখরুল ইসলামের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁর পরিবার।
বুধবার ফখরুল ইসলামের স্ত্রী হাফসা খানম ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছেন। এদিকে ফখরুলের বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড় অব্যাহত রয়েছে। শোকে বারবার ভেঙে পড়ছেন তাঁর বাবা-মা ও স্ত্রী। তাদের একটাই আকুতি-প্রিয়জনের মরদেহ যেন দ্রুত দেশে আনা হয়। ফখরুল ইসলাম বড়লেখা পৌরসভার মহুবন্দ এলাকার আব্দুল ওয়াহিদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত বছর প্রবাসজীবন কাটিয়ে গত ১৭ জুন ইতালি থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরছিলেন ফখরুল ইসলাম। যাত্রাপথে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিমানটি জর্জিয়ার রাজধানী তিবিলিসি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে তাকে স্থানীয় ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।
ফখরুল ইসলামের স্ত্রী হাফসা খানম বলেন, স্বামীর মরদেহ দেশে আনার মতো আর্থিক সামর্থ্য তাদের পরিবারের নেই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়া হলে সেখান থেকে পরিবার গ্রহণ করতে পারবে।
এ বিষয়ে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ বিষয়ে এখনো সরকারি কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে পরিবারটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





