টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যার শঙ্কা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৬, ৭:১৯:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি অব্যাহত থাকলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
পাউবো সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সুনামগঞ্জ পয়েন্টে তা এখনও বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচে রয়েছে। একই সঙ্গে যাদুকাটা, খাসিয়ামারা ও কুশিয়ারা নদীর পানিও ধারাবাহিকভাবে বাড়ছে।
পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় ইতোমধ্যে পানি প্রবেশ শুরু করেছে। তাহিরপুর উপজেলার চারাগাঁও গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, রাতে হঠাৎ করেই ভারতীয় পাহাড়ি ঢলের পানি বেড়ে বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। এতে ঘরের মালামাল নিরাপদ স্থানে সরাতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১১০ মিলিমিটার এবং সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলেও ভারী বৃষ্টিপাত হওয়ায় উজানের ঢল অব্যাহত রয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক বলেন, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত চলতে থাকলে জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে এবং কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত কমে গেলে নদীর পানির উচ্চতা স্থিতিশীল থাকতে পারে।





