হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৬, ৭:২৭:০১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজনের যৌথ অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতের পথে দুর্গম পাহাড়ি এলাকায় দলের এক সদস্য পিছলে পড়ে হাতে আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম পথ অতিক্রম করে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
বিকেল ৩টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার অভিযানের পর বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।
পরে আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার হওয়া অপর ৯ পর্যটক সুস্থ রয়েছেন বলে জেলা পুলিশ জানিয়েছে।





