সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে নির্ভুল প্রতিবেদন তৈরি করতে হবে : সিলেটে টিআইবি’র প্রশিক্ষণে ড. ইফতেখারুজ্জামান
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৬, ৩:৫৭:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে নির্ভুল প্রতিবেদন তৈরি করতে হবে। একবার সততার সঙ্গে আপস করলে তা দীর্ঘস্থায়ী খারাপ দৃষ্টান্ত স্থাপন করে। একটি ভালো অনুসন্ধানী প্রতিবেদন শুধু তথ্য দিয়ে তৈরি হয় না; তৈরি হয় সঠিক প্রশ্ন, প্রমাণ এবং মানুষের জীবনে তার প্রভাব বোঝার সক্ষমতা থেকে।
তিনি শনিবার সিলেটে টিআইবি’র আয়োজনে ‘অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিমুক্ত দেশ গঠনে তথ্যভিত্তিক, জনস্বার্থনির্ভর এবং দায়িত্বশীল অনুসন্ধানী সাংবাদিকতার বিকাশ জরুরী। টিআইবির এই প্রশিক্ষণ সেই সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।
দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রশিক্ষণের প্রথম সেশনে অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহাম্মদ বদরুদ্দোজা (বদরুদ্দোজা বাবু) অংশগ্রহণকারীদের সামনে অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। কীভাবে একটি অনুসন্ধান শুরু হয়, কেন প্রতিটি তথ্যের পেছনে প্রমাণ খুঁজতে হয়, কীভাবে ব্যক্তি নয় বরং সিস্টেম, ক্ষমতার কাঠামো এবং জনস্বার্থকে অনুসন্ধানের কেন্দ্রে রাখতে হয়-এসব বিষয় তিনি বাস্তব উদাহরণ ও আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করেন। তিনি বিভিন্ন খাতের বাস্তব উদাহরণ ব্যবহার করে দেখান, একটি সাধারণ ঘটনা থেকেও কীভাবে অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র খুঁজে পাওয়া যায়।
দিনের পরবর্তী সেশনে টিআইবির অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর (ডেটা ভিজুায়ালাইশেন) রিফাত রহমান এবং পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম তথ্যের উৎস শনাক্ত করা, ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ, প্রয়োজনীয় তথ্য বাছাই এবং ডেটা ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদনকে আরও তথ্যনির্ভর ও প্রভাবশালী করে তোলার ব্যবহারিক কৌশল নিয়ে আলোচনা করেন।
সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। প্রশিক্ষণে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও আনলাইন মিডিয়ার ৪১ জন সাংবাদিক অংশগ্রহন করেন।





