সিলেটে হামে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি আরো ৪৭
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৬, ৯:৫৫:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনক থাকলেও গত ২৪ ঘণ্টায় হামে বা হামের উপসর্গে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে ৪৭ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৯ জন।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় মোট ৫৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৩০৭ জন, সিলেটে ১৯৬ জন, হবিগঞ্জে ৬১ জন (এর মধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ২৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ল্যাব কনফার্ম হাম রোগী শনাক্ত হয়নি।
এদিকে, হামে ও হামের উপসর্গে মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ১০৮ জন। মৃতদের মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং ১০৭ জন শিশু। এদের মধ্যে মাত্র ৪ জনের শরীরে পরীক্ষাগারে হাম নিশ্চিত হয়েছিল, বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা যান। জেলাভিত্তিক হিসেবে সুনামগঞ্জে সর্বোচ্চ ৪৮ জন, সিলেটে ৩৬ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ২২৯ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৩ জন, সিলেট লায়ন্স হাসপাতালে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে।





