সিলেটের সড়কে দীর্ঘ হচ্ছে লাশের সারি: ৮ মাসে নিহত ২৬২, আহত ৫৭৯
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২:২৯:০৬ অপরাহ্ন
আগস্টে ৪৭ মৃত্যু, সিলেট-ঢাকা মহাসড়কেই ২৪

জালালাবাদ রিপোর্ট : সিলেটের সড়কে দীর্ঘ হচ্ছে লাশের সারি। বছরের শুরু থেকে একের পর এক দুর্ঘটনায় ঝরছে প্রাণ। এর মধ্যে আগস্টে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। মাত্র এক মাসে বিভাগের চার জেলায় ৩৫টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৭ জন। আহত হয়েছেন আরও ১২২ জন। অর্থাৎ, আগস্টে প্রতিদিন গড়ে দেড়জনের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছেন। এ মাসে প্রাণহানির সংখ্যা চলতি বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত আগস্ট মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার (৬ সেপ্টেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
নিসচার তথ্যমতে, আগস্টের এই ভয়াবহতার মধ্য দিয়ে গত আট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২৩৯টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৭৯ জন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মে মাসে- ৫১ জন। এরপরই আগস্টে ৪৭ জনের মৃত্যু। বছরের শেষ চার মাসের আগেই সড়কে ২৬২ প্রাণহানির এই চিত্র সড়ক নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরছে।
সিলেট-ঢাকা মহাসড়কেই ২৪ মৃত্যু:
নিসচার আগস্ট মাসের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ওই মাসে বিভাগে নিহত ৪৭ জনের মধ্যে ২৪ জনই মারা গেছেন সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে। এক মাসে এ মহাসড়কে ১০টি দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটে। এর মধ্যে সিলেটের ওসমানীনগর উপজেলায় মাত্র তিনটি দুর্ঘটনাতেই প্রাণ গেছে ১৫ জনের। আগস্টে বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা, মৃত্যু ও আহতের ঘটনা ঘটেছে সিলেট জেলায়।
জেলা হিসেবে সিলেটে ১৭টি দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। হবিগঞ্জে ৯টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত, সুনামগঞ্জে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২২ জন আহত এবং মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও দুজন আহত হয়েছেন।
আগস্টে নিহত ৪৭ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু। তাদের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৯ জন সিএনজি ও টমটমের চালক-আরোহী, ১২ জন বিভিন্ন যানবাহনের চালক এবং ৭ জন পথচারী। দুর্ঘটনার ধরন বিশ্লেষণেও উঠে এসেছে ভয়াবহ চিত্র। ১২টি মুখোমুখি সংঘর্ষে ২৭ জন নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার সাতটি ঘটনায় ৫ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় একজন নিহত হয়েছেন।
জুলাইয়ে ৩১, ছয় মাসে মৃত্যু ১৮৪:
আগস্টের আগের মাস জুলাইয়ে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হন। জুনের তুলনায় জুলাইয়ে দুর্ঘটনা একটি কমলেও নিহত বেড়েছিল দুইজন এবং আহত বেড়েছিল ৩৯ জন। জুলাইয়ে নিহত ৩১ জনের মধ্যে ১৩ জনই ছিলেন মোটরসাইকেলের চালক বা আরোহী। এ মাসে সিলেটে ১৫ জন, সুনামগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৪ জন এবং হবিগঞ্জে ৮ জন নিহত হন।
জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ১৬৬টি সড়ক দুর্ঘটনায় ১৮৪ জন নিহত ও ৩৮২ জন আহত হয়েছেন। জানুয়ারিতে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৫ জন আহত, ফেব্রুয়ারিতে ৩২টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৪৪ জন আহত, মার্চে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত, এপ্রিলে ১৯টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত, মে মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত এবং জুনে ২৯টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হন। আট মাসের হিসাবে মে মাসে সর্বোচ্চ ৫১ জন এবং আগস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ জন নিহত হয়েছেন।
বেপরোয়া গতি, ওভারটেকিংয়ে ঝরছে প্রাণ:
নিসচার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণের ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম, জাতীয় দৈনিক এবং নিসচার সিলেট বিভাগের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।





