হবিগঞ্জে কিশোরীকে হত্যা, প্রেমিকসহ ২ জনের মৃত্যুদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৯:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় কথিত প্রেমিকসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার বেলা সাড়ে ৩টায় হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুানাল-৩ এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন সেলিম। দণ্ড পাওয়ারা হলেন- নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন (৩০) ও একই গ্রামের গোলাম হোসেন (৩৫)।
পিপি কামাল উদ্দিন সেলিম বলেন, উপজেলার ১৭ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন খলিল উদ্দিন। ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করেন খলিল। বিষয়টি দেখে ফেলেন গোলাম হোসেন। তিনি ওই তরুণীকে ধর্ষণ করতে চান।
এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে গোলাম হোসেন ও খলিল মিলে মেয়েটিকে হত্যা করেন। পরে হাত-পা বাঁধা অবস্থায় একটি ধান ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে আসামি করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন বলে জানান পিপি। তদন্ত শেষে পুলিশ ওই দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।
১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। কামাল উদ্দিন বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। দ্রুত রায় বাস্তবায়নের দাবি করছি।






