সিলেটে ফের হামে ৪ মৃত্যু : হাসপাতালে ৫০০ ছুঁইছুঁই
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৭:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে তিন দিন মৃত্যুহীন থাকার পর ফের একদিনে হামে ৪ জনের মৃত্যু হয়েছে। গত শুক্র, শনি ও রোববার (১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর) সিলেটে হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। এনিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৯৫ জন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৪৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৯৫ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৯ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন রোগী চিকিৎসাধিন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণকারী ১০ বছর বয়সী এমরান হোসেন সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী ১০ মাস বয়সী সাফায়েত হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাসিন্দা। একই হাসপাতালে মৃত্যুবরণকারী ৩ বছর ৩ মাস বয়সী শিশু খাদিজা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার এবং ৭ মাস বয়সী ওবায়দুল্লাহ সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
চলতি বছরে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেছেন ১৬৪ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৫৪ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। তিন দিন মৃত্যুহীন থাকার পর একদিনে চারজনের মৃত্যু এবং হাসপাতালে প্রায় ৫০০ রোগী চিকিৎসাধীন থাকায় সিলেটে হামের প্রকোপ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।







