একদিনের ব্যবধানে সুর বদল : ইউপি ভোট নিয়ে ইসির পিছুটান
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৪:৫৪ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিজের আঁকা রোডম্যাপ থেকে পিছু হটলো নির্বাচন কমিশন। একদিনের ব্যবধানেই ইউটার্ন নিলো ইসি। আর দেশের সাংবিধানিক এই প্রতিষ্ঠানের আকস্মিক পিছু হটা যেন সেই চেনা সুরের ছন্দপতন, যা তৃণমূলের মানুষের অপেক্ষাকে আরও দীর্ঘায়িত করল।
মঙ্গলবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানালেন, ইউপি নির্বাচনে কমিশন যে কর্মপরিকল্পনা নিয়েছে তা চূড়ান্ত নয়। সবকিছু বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) একটি সিদ্ধান্তে আসা যাবে, ইনশাআল্লাহ।
অথচ সোমবার ইসি জানিয়েছিলো, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ ধাপে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার প্রথম ধাপ হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, ৩য় ধাপ ৩০ ডিসেম্বর। ৪র্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, ৫ম ধাপ ৪ ফেব্রুয়ারি, ৬ষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং ৭ম ধাপ বা শেষ ধাপের নির্বাচন হবে আগামী ২৭ মে।
ওদিকে, মঙ্গলবার ইসির পিছু হটার আভাস মিললো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্যেও। প্রতিমন্ত্রী ইউপি নির্বাচনের বিষয়ে জানান, সরকার এ বিষয়ে কিছু জানে না। তিনি বলেন, নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার এ ব্যাপারে কিছু জানে না।
পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকেই চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ। আখতার আহমেদ বলেন, বিভিন্ন মন্ত্রণালয় এবং আমাদের যারা ভোটগ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত, তাদের নিয়ে আমরা একটি মিটিং করব। মিটিংয়ের ইনপুটের বেসিসে কমিশন শিডিউল চূড়ান্ত করবে।
নির্বাচন ইস্যুতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অভিযোগের প্রতিক্রিয়াও জানান তিনি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, প্রতিমন্ত্রী যে মন্তব্যটা করেছেন, সেটার ব্যাপারে কমেন্ট করার ধৃষ্টতা আমি দেখাব না। আমার দিক থেকে কোনো মন্তব্য নেই। কমিশন বিব্রত কিনা এমন প্রশ্নের কোনো জবাব দিতে রাজি নন ইসি সচিব।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ নিয়ে নানা মন্তব্য করছেন। তারা বলছেন, গ্রামীণ রাজনীতির স্পন্দন জাগিয়ে তুলতে যে রোডম্যাপের খসড়া এঁকেছিল নির্বাচন কমিশন, তা যেন এক লহমায় বদলে গেল অনিশ্চয়তার ধূসর ক্যানভাসে। নির্বাচনী হাওয়া বইতে শুরু করার আগেই থমকে গেল বাতাস; ইসি যেন এক অদৃশ্য টানে ব্যাকফুটে হাটা শুরু করলো।






