তৃপ্ত নন আরিফ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৪:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতিকে ‘ছোট পরিসরে’ সিলেট সিটি করপোরেশনের দেওয়া নাগরিক সংবর্ধনায় তৃপ্ত নন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী বলেন- ‘আজকের এই ছোট পরিসরে মহামান্য রাষ্ট্রপতির এই সংবর্ধনা আমাদের জন্য একটু কষ্টের। এখানে যতজন লোক আছে, তার ১০ গুণ লোক সিলেট শহরের রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। সিলেটের জনগণ আপনাকে ভুলে নাই। সিলেটের জনগণকে আজকে আমরা সেইভাবে তাদের খোরাক আমরা দিতে পারি নাই-এজন্য আমরা সিলেটবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আপনি কথা দিয়ে যান, আমাদের খোরাক ভরে নাই, আপনি কবে আসবেন। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ কিংবা রেজিস্টারি মাঠে সিলেট বিভাগের মানুষ আপনাকে কীভাবে মর্যাদা দেয়, সেদিন আপনি দেখবেন।’







