সিলেটে আরও ৬ ডেঙ্গুরোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩০:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪০ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন ৯ জন। ফলে একদিনের ব্যবধানে নতুন শনাক্তের সংখ্যা কিছুটা কমেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৪২ জন, সুনামগঞ্জে ৭৬, সিলেটে ৭৪ এবং মৌলভীবাজারে ৩৬ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেওয়া ১২ জন রয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ২৯ ডেঙ্গুরোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৯, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধিন রয়েছেন।
এদিকে ডেঙ্গুতে চলতি বছর সিলেট বিভাগে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগম মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) মারা যান।






