বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭:৩৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে বাংলাদেশ বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দেয়ালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তাঁর চোখ ও কানে রক্তের চিহ্ন এবং ডান হাতে কাটাছেঁড়ার দাগ পাওয়া গেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পেয়েছে, দেলোয়ার বেতারের মেইন গেট দিয়ে কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেছিলেন। এরপর তিনি কোথায় গিয়েছিলেন কিংবা কীভাবে সেখানে তাঁর মৃত্যু হলো, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তিনি বেতারের কোনো কর্মীও ছিলেন না।
কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, দেলোয়ারের চোখ ও কানে রক্তের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। পুলিশ বলছে, প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নিহত দেলোয়ার সিলেট নগরের মুনশিপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বেতার কমপ্লেক্সের ভেতরে তিনি কীভাবে প্রবেশ করেছিলেন এবং মৃত্যুর আগে সেখানে কী ঘটেছিল, তা সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে খতিয়ে দেখছে পুলিশ।





