জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৯:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে সুবরী নদী থেকে একটি পুরোনো এসএলআর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর আগে একই নদীর চিকারখাল এলাকা থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। কয়েক মাসের ব্যবধানে একই এলাকায় একাধিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ (মল্লিফৌদ) গ্রামের সুবরী নদীতে গোসল করতে গিয়ে স্থানীয় কয়েকজন শিশু এসএলআরটি দেখতে পায়। সাঁতার কাটার সময় এক শিশুর পায়ে বস্তুটি লাগলে সেটি পানি থেকে তুলে পুরোনো আগ্নেয়াস্ত্রটি দেখতে পায় তারা। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে এসএলআরটি উদ্ধার করে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর একই এলাকার চিকারখাল নামক স্থানে মাছ ধরতে গিয়ে স্থানীয় এক কিশোর একটি হ্যান্ড গ্রেনেড কুড়িয়ে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এসএলআর ও গ্রেনেডটি জং ধরা এবং দীর্ঘদিনের পুরোনো।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে একই নদী থেকে আরও একটি পুরোনো আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছিল। পরপর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এগুলো নদীতে কীভাবে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেনেডের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।






