মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৪:১১ অপরাহ্ন

সিলেটের শাহপরান ধনকান্দিতে আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির যৌথ উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মাওলানা মো. ছালিম আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাম্প্রতিক ফলাফলে ভালো করা শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়ক বই তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও বিদ্যালয় প্রাঙ্গণ সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা মো. ছালিম আহমদ খান বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা জরুরি।
প্রধান অতিথি আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বইয়ের কোনো বিকল্প নেই। ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবারক আলী, হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর আহসানুল হক রাতুল, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক হাম্মাদ বীন আনিছ সরকার, স্বাস্থ্য ও ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক আরিফ আহমদ, দপ্তর উপ-সম্পাদক তরিকুল ইসলাম যাওহার এবং ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির সিলেট বিভাগের সাবেক সভাপতি শাকিল আহমদসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






