সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৪:৪৪ অপরাহ্ন
সমুদ্র নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায়
সমন্বিত উদ্যোগের আহ্বান

‘ফ্রম পলিসি টু প্র্যাকটিস: পাওয়ারিং মেরিটাইম এক্সেলেন্স’Ñ‘নীতি থেকে বাস্তবায়ন: মেরিটাইম উৎকর্ষকে শক্তিশালী করা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে বিশ্ব নৌ দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার সিলেটের বাদাঘাট এলাকায় মেরিন একাডেমিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
দিবসের শুরুতে একাডেমির ফ্যাকাল্টি মেম্বার, স্টাফ ও ক্যাডেটদের অংশগ্রহণে মেরিনারদের নিরাপত্তা ও দিবসের প্রতিপাদ্যসংবলিত প্ল্যাকার্ড নিয়ে র্যালি বের করা হয়। র্যালিটি একাডেমির প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে প্রধান ফটক, বাদাঘাট ব্রিজ প্রদক্ষিণ করে একাডেমিতে এসে শেষ হয়।
পরে একাডেমির অডিটোরিয়ামে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিবের বাণী প্রচার, নৌ-প্রশিক্ষণবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, ক্যাডেটদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্য সমুদ্রপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই নিরাপদ নৌপথ, আধুনিক বন্দর ব্যবস্থাপনা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি বৈশ্বিক মেরিটাইম সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
তিনি বলেন, মেরিন ক্যাডেটদের পেশাগত দক্ষতা, সততা ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দিতে হবে। এসব বিষয় চর্চা করলে তাঁদের পেশাগত জীবন আরও সুন্দর ও সুগম হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অস্থিরতার প্রভাব জ্বালানি, আমদানি-রপ্তানি ও নিত্যপণ্যের বাজারে পড়ে। তাই সমুদ্র নিরাপত্তাকে জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটের কমান্ড্যান্ট নৌপ্রকৌশলী মো. হুমায়ুন কবির বলেন, বিশ্ব বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ সমুদ্রপথে পরিচালিত হচ্ছে। তবে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বিভিন্ন সংকটে মেরিনারদের নিরাপত্তা অনিশ্চিত হয়ে উঠছে। আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখতে মেরিনারদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা জরুরি।
তিনি মেরিনারদের সুরক্ষায় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) আরও কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি





