রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৩:৩৭ অপরাহ্ন

রাজনগর সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগরে পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় এক সিএনজিচালক এবং মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে অপর একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক সুধাময় দেব (৫৫) গুরুতর আহত হন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে রাজনগরগামী একটি সিএনজি এবং বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার চাটুরা এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজিচালকসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের সুধাময় দেবকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে, রাজনগর সদর ইউনিয়নের দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২) দুই সঙ্গীকে নিয়ে বাড়ির পাশে উদনাছড়ায় মাছ ধরতে যান। দুপুর দেড়টার দিকে জাল দিয়ে মাছ ধরার সময় তিনি পানির নিচে তলিয়ে যান। পরে সঙ্গে থাকা দুজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, কাইয়ুম মিয়া দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে আক্রান্ত ছিলেন। মাঝে মাঝে তার শরীরে খিঁচুনি সৃষ্টি হয়ে তিনি নিস্তেজ হয়ে পড়তেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে। পানিতে ডুবে নিহত কাইয়ুম মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে।





