বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৯:০৬:০৫ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় নিষিদ্ধ সংগঠন পৌরসভা ছাত্রলীগের সভাপতি আলী হোসেন ও উপজেলা যুবলীগের নেতা মুমিনুল হক টনিকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, পৌরছাত্রলীগ সভাপতি আলী হোসেন (৩০) ২০২৪ সালের জুলাই-আগষ্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র-সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি হযরত শাহজালাল (রঃ) আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। সম্প্রতি জামিনে বেরিয়ে তিনি সরকার বিরোধী নানা অপতৎপরতায় সক্রিয় হয়ে ওঠেন। আলী হোসেন উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলী ছেলে। শুক্রবার রাতে নিজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছ।
অপরদিকে উপজেলা যুবলীগ নেতা মুমিনুল হক টনি ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির কালো পতাকা দিবস পালনের প্রস্তুতিকালে অতর্কিত হামলার ঘটনায় গুরুতর আহত পৌর যুবদলের তৎকালিন সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাপাদারের ২০২৪ সালের ২৩ আগস্ট থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। যুবলীগ নেতা মুমিনুল হক টনি পাখিয়ালা উপজেলা চত্ত্বর এলাকার তুতিউর রহমানের ছেলে। শনিবার সকালে উপজেলার শাহবাজপুর বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। থানার ওসি মো. মনিরুজ্জামান খান পৌর ছাত্রলীগের সভাপতি আলী হোসেন ও যুবলীগ নেতা মুমিনুল হক টনিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, টনি তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অপরদিকে ছাত্রলীগ নেতা আলী হোসেন জামিনে রেবিয়ে সরকার বিরোধী নানা ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাতে থাকেন। গ্রেফতার দুই আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





