রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৯:৩৮:৫২ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
রোববার বিকেলে দক্ষিণ সুরমার রায়ের গ্রামে রাধাগোবিন্দ মন্দিরের নির্মাণ ও উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিতালী যুব সংঘের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। অতীতে সিলেটে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, ভবিষ্যতেও তা অক্ষুণ্ন থাকবে। তিনি বলেন, দুর্গাপূজাকে আরও উৎসবমুখর করতে এবার সহযোগিতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা শান্তি বিনষ্টের কোনো সুযোগ যাতে কেউ না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি অরিন্দম দাস হাবলু। সভা পরিচালনা করেন শৈলেন কর। এ সময় মহানগর বিএনপির সহসভাপতি নীহার রঞ্জন দাস বাচ্চু, মোস্তফা কামাল, শাহেদ খান স্বপন, রাসেল মাহমুদ, শ্যামল চন্দ্রনাথ, বীরেন্দ্র কর, রিপন কর, বিদ্যুৎ দাস, বাকুল কর, সীমান্ত চন্দ্র মালাকার, বিমল দেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে সিসিক প্রশাসক তোপখানায় একটি মন্দির পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি





