সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৬:৩৬:৩৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স’ ইনডেক্স (পিএমআই) সেপ্টেম্বর মাসে আগের মাসের তুলনায় ১ দশমিক ৩ পয়েন্ট কমে ৪৮ দশমিক ৬-এ নেমে এসেছে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে মৃদু সংকোচন নির্দেশ করে। উৎপাদন খাতে অব্যাহত দুর্বলতা, নির্মাণ খাতে পুনরায় সংকোচন এবং সেবা খাতে প্রান্তিক সংকোচন সামগ্রিক সূচকের নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তবে এর মধ্যেও কৃষি খাতের সম্প্রসারণ অর্থনীতিতে স্বস্তি বজায় রেখেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে সেপ্টেম্বর ২০২৬ মাসের বাংলাদেশের পারচেজিং ম্যানেজার্স’ ইনডেক্স (পিএমআই) প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, টানা ত্রয়োদশ মাসের মতো কৃষি খাতে সম্প্রসারণ অব্যাহত রয়েছে। যদিও এ খাতের পিএমআই ১ দশমিক ৩ পয়েন্ট কমে ৫৫ দশমিক ২-এ দাঁড়িয়েছে এবং নতুন ব্যবসা ও কর্মসংস্থানে বৃদ্ধির গতি কিছুটা শ্লথ হয়েছে।
উৎপাদন খাতের পিএমআই ২ দশমিক ৬ পয়েন্ট কমে ৪৪ দশমিক ৮-এ নেমে সংকোচন নির্দেশ করেছে। নতুন অর্ডার, রপ্তানি, উৎপাদন, কাঁচামাল ও আমদানির মতো সূচকগুলো দ্রুত হারে সংকুচিত হয়েছে। তবে কর্মসংস্থান সামান্য সম্প্রসারণে ফিরেছে। নির্মাণ খাত আগস্টে সম্প্রসারণে থাকলেও সেপ্টেম্বরে এ খাতের পিএমআই ৩ দশমিক ৮ পয়েন্ট কমে ৪৮ দশমিক ৫-এ নেমে আবারও সংকোচনে ফিরে গেছে। অন্যদিকে, টানা দ্বিতীয় মাসের মতো সেবা খাতের পিএমআই ০ দশমিক ২ পয়েন্ট কমে ৪৯ দশমিক ০-এ দাঁড়িয়েছে, যা প্রান্তিক সংকোচন নির্দেশ করে।






