আজ মহালয়া
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৪:২৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হচ্ছে আজ শনিবার শুভ মহালয়ার মধ্য দিয়ে। দেবীপক্ষের সূচনালগ্নে চণ্ডীপাঠ, বিশেষ পূজা ও পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণের মধ্য দিয়ে দিনটি পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হবে।
হিন্দু পুরাণ অনুযায়ী, মহালয়ার তিথিতে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। এদিন পিতৃপক্ষের অবসান ঘটে এবং শুরু হয় দেবীপক্ষ। প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় অনেকে নদী বা জলাশয়ে তর্পণ করেন।
আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।





