‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৯:০০:৫৯ অপরাহ্ন

Exif_JPEG_422
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও আলোকিত সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা-২০২৬’ (কারিগরি) পেয়েছেন সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সন্তোষ চন্দ্র দেবনাথ।
গত ৫ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকৌশলী সন্তোষ চন্দ্র দেবনাথ দীর্ঘ ৩৪ বছর ধরে বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান, সহশিক্ষা কার্যক্রম পরিচালনা, ব্যবহারিক পাঠদানে উদ্ভাবনী কৌশল প্রয়োগ এবং স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। এ ছাড়া টানা চার বছর বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি) নির্বাচিত হওয়ার পাশাপাশি ২০২৬ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান (কারিগরি) হওয়ার সম্মান অর্জন করেন তিনি।
‘গুণী শিক্ষক সম্মাননা-২০২৬’ অর্জনের প্রতিক্রিয়ায় প্রকৌশলী সন্তোষ চন্দ্র দেবনাথ বলেন, যেকোনো স্বীকৃতি কাজের প্রতি আগ্রহ ও দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। এই সম্মাননা আমাকে আগামী দিনে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও অংশগ্রহণ বৃদ্ধিতে আরও নিবেদিত হয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। বিজ্ঞপ্তি






